জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে কোনো পরিবর্তন হচ্ছে না
বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীই দায়িত্বে থাকছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ কোনো পদে রদবদল হচ্ছে না বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সম্প্রতি একজন উপদেষ্টার দায়িত্ব কমানো হতে পারে-এমন গুজব ছড়ালেও তা বাস্তবায়িত হচ্ছে না।
একই সঙ্গে নতুন করে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে উপদেষ্টা নিয়োগ দিতে জামায়াতের পক্ষ থেকে সরকারের ওপর চাপ দেওয়া হয়েছে-এমন দাবিও সূত্রের বরাতে উঠে এলেও সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সারাদিন ধরেই উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। দিনশেষে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে দায়িত্বে কোনো পরিবর্তন আসছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় তার ভূমিকা ইতিবাচক এবং তিনি একজন সৎ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে পরিচিত।
এদিকে, গুঞ্জনে দাবি করা হয়েছিল—বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে সরকারি সূত্র স্পষ্ট করে জানিয়েছে, এ দাবি বাস্তবায়ন হচ্ছে না। লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সব দায়িত্ব তিনিই বহালভাবে পালন করবেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও অব্যাহত রাখবেন।
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাদির মৃত্যুর পর তার পদত্যাগের দাবিও জোরালো হয়। একই সঙ্গে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুঞ্জন গত দুদিন ধরে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল।
তবে গত রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অংশ নেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘পদত্যাগ করলে এখানে বসে কথা বলতাম না।’
উল্লেখ্য, আততায়ীর গুলিতে আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৮ ডিসেম্বর চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, বর্তমান প্রেক্ষাপটে উপদেষ্টার দায়িত্বে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেই। গণমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, তা ভিত্তিহীন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তাকে সরিয়ে ১৭ আগস্ট লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা।