জাতীয়
চাঁদাবাজদের তালিকা হচ্ছে, কাউকে ছাড় দেয়া হবে না: র্যাব
দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানিয়েছে, চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তালিকা চূড়ান্ত হলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ইতোমধ্যে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় যাদের নাম আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
র্যাব জানায়, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ প্রয়োগসহ সব ধরনের চাঁদাবাজিকে তালিকার আওতায় আনা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, ছোট-বড় সব ধরনের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে। অনেক ভুক্তভোগী নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে না পারলেও গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, “এই তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। যে অপরাধে জড়িত, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, তালিকা প্রস্তুতের কাজ দ্রুত শেষ করে অভিযান শুরু করা হবে, যা যেকোনো সময় শুরু হতে পারে।