রাজনীতি

জনগণের জীবনমান উন্নয়নই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম

জনগণের জীবনমান উন্নয়নই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপির আগামী দিনের নীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। দেশের অভ্যন্তরে ও বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।”

সোমবার (৪ আগস্ট) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে যুবদল আয়োজিত “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমি যেমন একজন রাজনৈতিক কর্মী হিসেবে বুঝতে পারছি, তেমনি এ দেশের সাধারণ মানুষও অনুধাবন করছে—এখনই সময় পরিবর্তনের। জনগণ এখন আর কেবল স্বপ্ন বা প্রতিশ্রুতি চায় না, তারা চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিএনপি সেই বাস্তবায়নকেই সামনে রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে।”

তিনি আরও বলেন, “আমরা দলের অভ্যন্তরে এবং দলের বাইরের বিশিষ্ট অর্থনীতিবিদ, সমাজবিশ্লেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। আগামী দিনের বাংলাদেশের জন্য যে রাজনীতি প্রয়োজন, তা গড়ে তুলতেই আমরা কাজ করছি। সেই রাজনীতি হবে কর্মসংস্থানমুখী, জনগণকেন্দ্রিক, এবং নিরাপদ জীবনের নিশ্চয়তাসম্পন্ন।”

আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত ছিলেন।

তারেক রহমানের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, বিএনপি এখন আর কেবল আন্দোলনের রাজনীতি নয়, বরং জনকল্যাণমূলক ও কর্মসংস্থাননির্ভর উন্নয়ন রাজনীতির দিকে অগ্রসর হতে চায়।