রাজনীতি
নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সমর্থন পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনোত্তর প্রেসব্রিফিংয়ে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপির পক্ষ থেকে আয়োজিত এ ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস দলটির ওপর রেখেছে, তার যথাযথ মূল্য দিতে হবে নিরলস পরিশ্রমের মাধ্যমে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে অবশ্যই দায়িত্বশীল থাকতে হবে এবং যেকোনও পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
তারেক রহমান আরও বলেন, এ বিজয় কেবল একটি দলের নয়; এটি গণতন্ত্রের বিজয় এবং গণতন্ত্রকামী জনগণের বিজয়। তিনি সতর্ক করে বলেন, দেশ যেন আর কখনও কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়—এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।