রাজনীতি
এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন
একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সামলাতেই বিরোধীদলের ৯০ জন সংসদ সদস্য ‘কান্নাকাটি’ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতিক্রিয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি বলেন, সংসদে বিএনপির আরও যেসব সংসদ সদস্য রয়েছেন, তারাও যদি সালাউদ্দিন আহমদের মতো কথা বলা শুরু করেন, তাহলে বিরোধীদলের সদস্যরা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না’ বলতে শুরু করবেন।
রাশেদ খাঁন দাবি করেন, ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ঘোষণার পর এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই কারণেই বিরোধীদলের সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে একযোগে আক্রমণ করছেন।
সংসদে বিরোধীদলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিতে চাইছেন না বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, বিরোধীদলের প্রায় সব সদস্য দাঁড়িয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাধা দিচ্ছেন। তবে এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা ‘ভদ্রতা’ দেখিয়েছেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা চাইলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সময় হৈচৈ করে সংসদে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। তবে বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, বিরোধীদলের সদস্যদের সঙ্গে বেশি যুক্তিতর্কে না জড়িয়ে তাদের কথা বলতে দিতে হবে। অযৌক্তিক কথা বললেও তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। তার মতে, বলতে বলতেই তারা একসময় শিখবে।
বিরোধীদলের সংসদ সদস্যদের রাজনৈতিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, তারা এখনো এমন পর্যায়ে পৌঁছাননি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হালকা যুক্তি দিয়ে তর্ক করতে পারবেন।