রাজনীতি

আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ: রাশেদ খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ: রাশেদ খান
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ায় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নিয়েছিলেন।

আজ বুধবার নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান। পোস্টে তিনি ‘নেত্র নিউজ’-এর একটি সংবাদও শেয়ার করেন।

সংবাদটি শেয়ার করে রাশেদ খান লেখেন, ‘জমিদারের নাতি সারজিস আলমকে নাহিদ ইসলাম বহিষ্কার করেন আর হাসনাত আব্দুল্লাহকে শোকজ নোটিশ দেন। ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি শহীদ হয়, সেদিন এরা শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল কাদেরের ৯ দফা কর্মসূচি বানচাল করতে ৮ দফা কর্মসূচি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি লেখেন, ‘লীগ চাটা হাসনাত সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে। আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদেররা।’

রাশেদ খানের দাবি, সেদিন হাসনাত আব্দুল্লাহ হাসিব আল ইসলামকে ফোন করে মেস থেকে নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যান।

তিনি আরও দাবি করেন, হাসনাত ও সারজিস আরও অনেককে ওই বৈঠকে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি না হওয়ায় অন্যরা বৈঠকে অংশ নেননি। গণঅভ্যুত্থানের পর অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও অন্তত গণঅভ্যুত্থানের সময় তাদের ভূমিকা সঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘সে সময় কিন্তু প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্রে নামেন জুলাই গাদ্দার হাসনাত সারজিস।’

নিজের শেয়ার করা ‘নেত্র নিউজ’-এর সংবাদে এখনো ওই বহিষ্কারের তথ্য রয়েছে বলেও জানান রাশেদ খান।