রাজনীতি
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা বলছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাইবার হামলা করে তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে বলা হয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি আমিরে জামায়াতের এক্স (টুুইটার) অ্যাকাউন্টে হামলা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে।