রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী নানা সাংস্কৃতিক, সাহিত্যিক, শিক্ষামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসজুড়ে পৃথক ভেন্যুতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের ভাষ্য, শহীদদের স্মরণ, জুলাইয়ের চেতনা সংরক্ষণ এবং সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাই ইনকিলাব কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে রয়েছে ‘আবার জুলাই’ শীর্ষক বই, পত্রিকা, আর্ট, গ্রাফিতি ও ক্রাফট প্রদর্শনী ও বিক্রয়, ‘আমার শ্রাবণ জুলাই’-এর প্রিমিয়ার শো, ‘তালা’ শীর্ষক জুলাইয়ের গান প্রকাশ, ‘জুলাইয়ের আসর’ স্মৃতিচারণ অনুষ্ঠান এবং ‘ইনকিলাবের কিশোর পত্রিকা স্কুল’-এর জুলাই সংখ্যার মোড়ক উন্মোচন।

এছাড়া থাকবে শিশুতোষ গল্পগ্রন্থ প্রকাশনা ‘গল্প শুনি জুলাইয়ের’, জুলাই শহীদ দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের কর্মসূচি।

অন্যদিকে, ২১ থেকে ৩১ জুলাই শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজন করা হবে বহুমাত্রিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে ‘আবার জুলাই (২য় পর্ব)’ শীর্ষক বই, পত্রিকা, আর্ট, গ্রাফিতি ও ক্রাফট প্রদর্শনী ও বিক্রয়, ‘লাল জুলাইয়ের জলসা’ কবিতা পাঠ, দ্রোহের গান ও শহীদ মিছিল, ‘জুলাই জমায়েত’, চলচ্চিত্র ও সংগীত সন্ধ্যা, ‘জুলাইয়ের উত্তরাধিকার’ শীর্ষক শহীদ পরিবারের শিশুদের সমাবেশ, ‘রাজবন্দীর রাজসাক্ষী’, পথনাটক ‘রাজপথে জুলাই’, ইনকিলাবি ফিল্ম নাইট, জুলাই ফুল কুইজ, ‘আলো নিভে যায়নি’ স্মরণসভা, ‘আনসাং হিরোস’ শীর্ষক শিক্ষার্থীদের সংহতি সমাবেশ এবং ‘একত্রিশে জুলাই সেলিব্রেশন’।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সাংস্কৃতিক কর্মী, লেখক, শিল্পী, শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সচেতন নাগরিকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের বিশ্বাস, জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গঠনে এই মাসব্যাপী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।