ধর্ম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন, ঈদুল আজহা ৬ জুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:৪২ পিএম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন, ঈদুল আজহা ৬ জুন
ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন (মঙ্গলবার)। সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণার ভিত্তিতে হজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। – খবর আল-জাজিরার।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে একবার হজ পালন ফরজ। প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চলতি বছর আরাফাত দিবস পালন করা হবে ৫ জুন (বুধবার)। ওইদিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে সমবেত হয়ে নামাজ আদায় করবেন ও মোনাজাতে অংশ নেবেন। ঐতিহাসিকভাবে এটিই হজের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে নবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন (বৃহস্পতিবার)।

গত বছর প্রায় ১৮ লাখ মুসলমান হজে অংশ নিয়েছিলেন। তবে প্রচণ্ড তাপমাত্রা (৫১.৮ ডিগ্রি সেলসিয়াস) এবং স্বাস্থ্যঝুঁকির কারণে সেবার ১,৩০০ জনের বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন। এবারও হজ পালনের সময় প্রচণ্ড গরম ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে হজযাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হজযাত্রীদের পর্যাপ্ত পানি পান, ছায়ায় থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে নিকটস্থ হজ সহায়তা কেন্দ্রে যোগাযোগেরও আহ্বান জানানো হয়েছে।