ধর্ম

মক্কার উদ্দেশ্যে আসা প্রায় ২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে প্রবেশে বাধা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৪৭ এএম

মক্কার উদ্দেশ্যে আসা প্রায় ২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে প্রবেশে বাধা
ছবি: সংগৃহীত

সৌদি কর্তৃপক্ষ অনুমতি ছাড়া হজ পালনের উদ্দেশ্যে মক্কায় আসা প্রায় ২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, হজের পূর্বানুমতি না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। গত বছরের হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও ভয়াবহ তাপদাহে ১,৩০০ জন হাজীর মৃত্যু হওয়ায় এ বছর হজ ব্যবস্থাপনায় কঠোরতা আরোপ করেছে সৌদি সরকার।

সৌদি হজ কর্তৃপক্ষের ভাষ্যমতে, এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জন হজযাত্রীকে মক্কা থেকে ফেরত পাঠানো হয়েছে। তাদের অভিযোগ, এসব ব্যক্তি যথাযথ অনুমতি বা নিবন্ধন ছাড়াই হজ পালনের চেষ্টা করছিলেন, যা হজ নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিপর্যয় সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে সৌদি কর্মকর্তারা বলেন, অনুমতি ছাড়া হজ পালনে আগতদের কারণে মক্কায় ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা হাজীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তারা জানান, অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমের কারণে গত বছর প্রায় দেড় হাজারের মতো হাজীর প্রাণহানি ঘটে, যা এ বছর রোধে আগাম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে মক্কায় প্রায় ১৪ লাখ হজযাত্রী অবস্থান করছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই অতিরিক্ত ভিড় এড়াতে এবং হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে হজে অনুমতিপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সৌদি সরকারের হুঁশিয়ারি অনুযায়ী, অনুমতি ছাড়া হজে অংশ নিতে গেলে ৫ হাজার ডলার জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। এ নিয়ম শুধু বিদেশিদের জন্য নয়, সৌদি নাগরিকদের জন্যও সমানভাবে প্রযোজ্য। ইতোমধ্যে ২৩ হাজারের বেশি সৌদি নাগরিককে জরিমানা করা হয়েছে এবং ৪০০টির বেশি হজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

হজ মৌসুমে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনা, তাপদাহ, স্বাস্থ্য সমস্যা ইত্যাদির কারণে হাজীদের প্রাণহানির ঘটনা ঘটে। তবে এবার সৌদি সিভিল ডিফেন্স বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে। প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে হাজীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। এসব ড্রোন শুধু নজরদারি ও পর্যবেক্ষণের কাজেই নয়, প্রয়োজনে আগুন নিয়ন্ত্রণেও ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, জিলহজ মাসে অনুষ্ঠিত হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম এবং বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবছর লাখ লাখ মুসলমান এই পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে মক্কায় আসেন। হজ পালনের জন্য নির্ধারিত কিছু নিয়ম-কানুন রয়েছে, যা ধাপে ধাপে পালন করতে হয়। কিন্তু এসব নিয়ম উপেক্ষা করে অনুমতি ছাড়া হজে অংশ নেওয়া ব্যক্তিদের কারণে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলেই মনে করছে সৌদি কর্তৃপক্ষ। তাই এবার কঠোর নজরদারির মাধ্যমে হজ ব্যবস্থাপনা আরও সুসংহত ও নিরাপদ রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।