ধর্ম

জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম

জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
ছবি: সংগৃহীত

আর মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে জ্যোতির্বিদরা।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আরব নিউজমাধ্যম আল-আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠবে। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হবে বলে ধারণা করছি।”

তার পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে।

আল-জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দৈনিক রোজার সময় থাকবে প্রায় ১২ ঘণ্টা, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষের দিকে ১৩ ঘণ্টায় পৌঁছাবে।

আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে রমজানের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে। যদিও সৌদি আরব প্রায়ই তাদের নিজস্ব ‘উম আল-কুরা ক্যালেন্ডার’ অনুসারে রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে।

মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।