ধর্ম
জেনে নিন ২০২৬ সালের পবিত্র মাহে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ
নতুন বছর ২০২৬ সালকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানান, ২০২৬ সালে (১৪৪৭ হিজরি) রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দৃশ্যমানতার সীমাবদ্ধতার কারণে মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়, সেই হিসেবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ফলে ঈদুল ফিতরের ছুটি ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদুল ফিতর শুরু হতে পারে ২০ মার্চ।
এদিকে ২০২৬ সালে ঈদুল আজহা উপলক্ষে আরও দীর্ঘ ছুটি পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে এবং ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে। ছুটি চলতে পারে ২৯ মে পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি ভোগ করতে পারবেন।
উল্লেখ্য যে, হিজরি সনের মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত সময়ের কাছাকাছি এই তারিখগুলো চূড়ান্তভাবে ঘোষণা করবে নিজ নিজ দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।