সারাদেশ

কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি
ছবি: ঢাকাপ্রকাশ

কুয়াশার ঘন চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে এবং দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। একই দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৯৭ শতাংশ।

এর আগের দিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা দুই ডিগ্রির কাছাকাছি কমে যাওয়ায় শীতের প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে।

হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শীতের কারণে স্বাভাবিক জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

এদিকে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া, সর্দি-কাশি ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কম দৃশ্যমানতার ফলে চালকদের সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।