সারাদেশ

এবার দিনের বেলাতে জাফলংয়ে চলছে পাথর লুট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম

এবার দিনের বেলাতে জাফলংয়ে চলছে পাথর লুট
জাফলংয়েও চলছে পাথর লুট।ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়েও চলছে পাথর লুট। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে এই অপকর্ম করছে পাথরখেকোরা। দিনের বেলাতেও পাথর লুটের চেষ্টা করছে তারা।

জিরো পয়েন্ট এলাকা থেকে এরইমধ্যে বড় বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটি যেমন সৌন্দর্য হারাচ্ছে তেমনি হুমকির মুখে পরিবেশ। এমন পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা।

অভিযোগ উঠেছে, বালুমহাল ইজারা নিয়ে বালুর পাশাপাশি পাথর উত্তোলন করছে অসাধু চক্র। এ চক্রের সঙ্গে জড়িত আছে গোয়াইনঘাট থানা পুলিশ। এর প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। 

dhakaprokash-jaflong sylhet.jpg
জাফলংয়েও চলছে পাথর লুট। ছবি: সংগৃহীত

তবে প্রশাসনের দাবি, পাথর লুট ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়েছে। আরেক পর্যটন কেন্দ্র সাদাপাথর প্রকাশ্য লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে।

২০১৫ সালের ১৪ নভেম্বর জাফলংকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা হয়। ২০১২ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে এর গেজেট প্রকাশ করা হয়। 

ইসিএ ঘোষণার পর জাফলংয়ে বালু ও পাথর কোয়ারির ইজারা কার্যক্রম বন্ধ ছিল। পাথরের মজুত পরিমাপের মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি মাসে সংরক্ষিত এলাকায় পাথর পর্যবেক্ষণ করা হতো। সর্বশেষ ২০২৪ সালের ২৬ জুলাইয়ে করা পরিমাপ অনুযায়ী, জাফলংয়ে পাথর মজুত ছিল ৩ কোটি ৭৪ লাখ ঘনফুট।