সারাদেশ

২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় আসছে সাদাপাথর পর্যটনকেন্দ্র


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩৯ এএম

২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় আসছে সাদাপাথর পর্যটনকেন্দ্র
ছবি: সংগৃহীত

সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘিরে দীর্ঘদিনের লুটপাট ও অনিয়মের ঘটনায় এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। পর্যটনকেন্দ্রটি এখন থেকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় থাকবে।

শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করে। এতে নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরিদর্শনকালে ড. মোখলেছুর রহমান বলেন, “সাদাপাথর লুট নয়, এখানে হয়েছে হরিলুট। এ ঘটনায় প্রশাসনের বড় কোনো কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকলেও ছাড় পাবেন না।” তিনি আরও জানান, পর্যটনকেন্দ্রকে কেন্দ্র করে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ অবৈধভাবে পাথর উত্তোলনের সাহস না পায়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “লুট হয়ে যাওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে এবং প্রতিস্থাপনও করা হচ্ছে। হয়তো আগের মতো পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না, তবে আগের অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি সরেজমিন তদন্ত শেষে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।