সারাদেশ
গ্রেফতার অবস্থায় ফেসবুকে সক্রিয় আ. লীগ নেতা রিফাত তারিক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রিফাত তারিককে গ্রেফতার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর রিফাত তারিককে আটক করা হয়। বিএনপির উপজেলা কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম সরাসরি এজাহারে উল্লেখ ছিল বলে পুলিশ জানায়।
তবে গ্রেফতারের পর রিফাত তারিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু অবাক করার বিষয় হলো, হাসপাতালে পুলিশ হেফাজতে থাকার পরও তিনি ফেসবুকে সক্রিয় রয়েছেন। তিনি নিজের ফেসবুক আইডি থেকে ছবি শেয়ার করছেন, অনুসারীদের সঙ্গে কথাও বলছেন এবং পোস্টের মাধ্যমে যোগাযোগ রাখছেন।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন- গ্রেফতার হয়ে পুলিশি নজরদারির মধ্যেও একজন আসামি কীভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন?
এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে অনুসন্ধান চলছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলও ঘটনাটিকে ‘অস্বাভাবিক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে।