সারাদেশ
ব্রহ্মপুত্রে ধরা ৯০ কেজির বাঘাইড়, এক লাখ টাকায় বিক্রি
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইড় মাছ, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিরল এই বড় মাছটি এক নজর দেখতে এবং টাটকা স্বাদ নিতে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে মোস্তাফা নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। নদী থেকে মাছটি ডাঙায় তোলার পরপরই আশপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নেওয়া হলে সেখানেও ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
মাছ ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে নিয়ে গিয়ে মাছটি কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি শুরু হলে অল্প সময়ের মধ্যেই পুরো মাছ বিক্রি হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সামর্থ্য অনুযায়ী মাছ কিনে নেন।
মাছ কিনতে আসা আব্দুল আজিজ নামে এক ক্রেতা বলেন, “এত বড় মাছ একসঙ্গে কেনা আমার পক্ষে সম্ভব নয়। তবে ব্রহ্মপুত্রের টাটকা বড় মাছের স্বাদ নেওয়ার ইচ্ছা ছিল। তাই ২ কেজি মাছ কিনেছি।” তার মতো অনেকেই ভাগ করে কেজি দরে মাছ কিনেছেন বলে জানান তিনি।
এদিকে এমন বড় মাছ ধরা পড়ায় জেলেদের মাঝেও আনন্দের সঞ্চার হয়েছে। ব্রহ্মপুত্রে নিয়মিত এত বড় মাছ না মিললেও মাঝেমধ্যে এমন বড় শিকার পাওয়ায় স্থানীয় মৎস্যজীবীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।