সারাদেশ

প্রভাবশালীদের পাথর লুটে সিলেটের সাদাপাথর এখন মরুভূমি! (ভিডিও)


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পিএম

প্রভাবশালীদের পাথর লুটে সিলেটের সাদাপাথর এখন মরুভূমি! (ভিডিও)
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটনকেন্দ্র সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কয়েক মাস ধরে প্রভাবশালী চক্রের অবাধ পাথর লুটের ফলে এর প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে মরুভূমিতে। 

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রকাশ্যে শত শত নৌকায় পাথর তুলে নেওয়া হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে এ অপরাধ বন্ধ হচ্ছে না। জড়িতরা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পান না।

পাথর উত্তোলনের ফলে নদীর তলদেশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, হারিয়েছে জলের স্বচ্ছতা। যে মোহনীয় সৌন্দর্যের জন্য ভোলাগঞ্জের সাদাপাথর দেশ-বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল, সেখানে এখন শুধু ঢলের পানি আর শূন্য প্রান্তরের দৃশ্য চোখে পড়ে। স্থানীয়দের ধারণা, এভাবে চলতে থাকলে আগামী তিন-চার মাসের মধ্যেই এখানকার সব পাথর শেষ হয়ে যাবে।

পর্যটন সংশ্লিষ্টদের আশঙ্কা, অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত থাকলে খুব শিগগিরই সাদাপাথরের নাম দর্শনীয় স্থানগুলোর তালিকা থেকে মুছে যাবে। এতে শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, ঝুঁকিতে পড়বে পর্যটন-নির্ভর শত শত মানুষের জীবিকা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন এখানে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। পাথর সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা করা হচ্ছে না।”

অন্যদিকে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নানা সীমাবদ্ধতা এবং জনবল সংকট থাকলেও অবৈধ পাথর উত্তোলন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া, এলাকাবাসীদের সম্পৃক্ত করার বিষয়েও কাজ চলছে।”

সিলেটের সাদাপাথর একসময় ছিল প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের স্বপ্নের গন্তব্য। কিন্তু প্রভাবশালী চক্রের অবাধ লুটপাট ও প্রশাসনিক দুর্বলতায় এই অনন্য সৌন্দর্য হারানোর শঙ্কায় এখন দিশেহারা স্থানীয়রা।