খেলা

ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত (ভিডিও)


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম

ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত (ভিডিও)
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের প্রথম মোকাবিলা শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ থাকেনি, পড়েছে রাজনীতিরও গভীর ছায়া। ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় ক্রিকেটাররা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারায়। তবে খেলার আনুষ্ঠানিকতা শেষে সাধারণ নিয়ম অনুযায়ী দুই দলের খেলোয়াড়দের করমর্দনের রীতি পালন হয়নি। পাকিস্তানের কোচ মাইক হেসনের দাবি, ম্যাচের পর পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে গেলেও ভারতীয়রা তখনই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। এমনকি টসের সময়ও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আগা করমর্দন করেননি।

ম্যাচ শেষে হেসন সাংবাদিকদের বলেন, “আমরা ম্যাচ শেষে হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু প্রতিপক্ষ সেটা না করায় আমরা হতাশ হয়েছি। ক্রিকেট মাঠের এমন সমাপ্তি দুঃখজনক।” তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ জানাতে পাকিস্তানের অধিনায়ক পুরস্কার বিতরণী মঞ্চে কোনো বক্তব্য রাখেননি।

অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জয়কে ‘ভারতকে একটি নিখুঁত উপহার’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “আমরা সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও সেনাদের পাশে আছি। এই জয় আমরা আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ করেছি, যারা দেশের নিরাপত্তায় সাহসিকতার সঙ্গে লড়াই করছেন।”

তিনি আরও যোগ করেন, “সরকার ও বিসিসিআইয়ের সঙ্গে আমরা একমত হয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা শুধু খেলায় মনোযোগ দেবো এবং মাঠে জবাব দেবো। আজকের জয় সেই প্রতিশোধেরই প্রতিফলন।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাত বাঁধে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সীমান্তের ভেতর বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কয়েক দশকের মধ্যে এটি ছিল দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় সংঘাত, যেখানে বহু মানুষের প্রাণহানি ঘটে।

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যদি উভয় দল পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় এবং সেই ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী বিশ্বকাপের ভেন্যুতেও পরিবর্তন আনে। মূলত ভারতেই টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ম্যাচগুলো এবার অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

দুই দেশের রাজনৈতিক বিরোধ ক্রিকেট মাঠেও যে প্রভাব ফেলছে, তা এশিয়া কাপের ম্যাচ শেষে আরও স্পষ্টভাবে ফুটে উঠল।