বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

পদত্যাগ করলেন ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম

পদত্যাগ করলেন ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো
ইলন মাস্ক এবং লিন্ডা ইয়াকারিনো। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বের টুইটার) হঠাৎ করেই বড় একটি ধাক্কা খেল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো পদত্যাগ করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, বুধবার (৯ জুলাই) এই পদত্যাগের ঘোষণা দেন তিনি, যা অনেকটাই অপ্রত্যাশিত ও আকস্মিক।

২০২৩ সালে যখন ইলন মাস্ক প্রায় ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম বদলে ‘এক্স’ করেন, তখন প্রতিষ্ঠানটিকে নতুনভাবে দাঁড় করাতে ইয়াকারিনোকেই সিইও হিসেবে দায়িত্ব দিয়েছিলেন তিনি। ইয়াকারিনো মূলত বিজ্ঞাপনী জগতে অভিজ্ঞ, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন শাখায় দীর্ঘদিন কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে তাকে এক্সে আনা হয়েছিল।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে একের পর এক বিতর্ক সামলাতে হয়েছে। ইলন মাস্কের ব্যক্তিগত মতামত, বিশেষ করে ইহুদি বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে তার অবস্থান কিংবা এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিভিন্ন বিতর্কিত পোস্টের কারণে প্রতিষ্ঠানটির অনেক বিজ্ঞাপনদাতা মুখ ফিরিয়ে নেয়। এমনকি মাস্ক নিজেই পরে এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে মামলা করেন। এসব পরিস্থিতিতে ইয়াকারিনোকে প্রতিষ্ঠানিক ক্ষতি সামলাতে কৌশলী ভূমিকা নিতে হয়েছিল।

এদিকে এক্স বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটে আছে। প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ঋণ, পাশাপাশি টেসলার ব্যবসা কমে যাওয়ায় মাস্ক নিজেও চাপে রয়েছেন। এ অবস্থায় ইয়াকারিনোর পদত্যাগ প্রতিষ্ঠানটির জন্য আরও অনিশ্চয়তা তৈরি করেছে।

অন্যদিকে এই পদত্যাগের কারণ সম্পর্কে ইয়াকারিনো বা এক্স কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে অনেকেই ধারণা করছেন, মাস্কের সঙ্গে চলমান চাপা দ্বন্দ্ব কিংবা নীতিগত মতপার্থক্যই হয়তো এ সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

মজার বিষয় হলো, চলতি বছরের মার্চে ইলন মাস্কের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্রতিষ্ঠান ‘এক্সএআই’ পুরো এক্স প্ল্যাটফর্মকে কিনে নেয় ৩৩ বিলিয়ন ডলারে। এই অধিগ্রহণের কিছুদিন পরই ইয়াকারিনোর এই পদত্যাগ নতুন করে প্রশ্ন তুলেছে—প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কি আবার অস্থির হয়ে পড়ছে?