বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হলো রোবট!


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ এএম

চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হলো রোবট!
ছবি: সংগৃহীত

প্রযুক্তি জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো চীন। প্রথমবারের মতো দেশের একটি হিউম্যানয়েড রোবট নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে। খবর দিয়েছে চীনা সংবাদমাধ্যম সিএমজি।

চার বছরব্যাপী এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি শিখবে নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের কৌশল, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিংয়ের মতো বিষয়। ক্লাসরুমে অংশগ্রহণ ছাড়াও এটি গবেষণায় যুক্ত থাকবে এবং নাটকের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করবে। পরবর্তীতে গবেষণাকেন্দ্রের পারফর্মিং আর্টস ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কাজেও অংশ নেবে।

সুয়ে বা-০১ নামের এই রোবটকে সাংহাই থিয়েটার একাডেমির পিএইচডি প্রোগ্রামে ভর্তি করা হয়েছে। ভর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২০২৫ সালের সাংহাই ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।

robot student1_Dhakaprokash.jpg

রোবটটির নির্মাতা লি লিংতু, যিনি সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডঅ্যাপ নামের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। এই রোবটকে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

লি লিংতু জানান, তাদের লক্ষ্য এমন একটি পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝতে পারবে এবং দর্শকদের আবেগঘন অভিনয় উপহার দিতে সক্ষম হবে। তিনি আরও বলেন, যেখানে মানুষ অভিনেতারা একাধিক শোতে ক্লান্ত হয়ে পড়েন, সেখানে রোবট দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে এবং সঙ্গী হিসেবে কাজ করবে।

রোবটটির উন্নয়ন কাজ শুরু হয় ২০২১ সালে, যখন আর্টস ও রোবোটিক্স প্রযুক্তির ওপর সাংহাই থিয়েটার একাডেমি ও সাংহাই ইউনিভার্সিটির মধ্যে একটি যৌথ মানবসম্পদ উন্নয়ন প্রোগ্রাম চালু করা হয়।