বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

অ্যাপলের বিরুদ্ধে মামলা করবেন ইলন মাস্ক, কারণ কী?


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম

অ্যাপলের বিরুদ্ধে মামলা করবেন ইলন মাস্ক, কারণ কী?
ছবি: সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইলন মাস্ক। এবার অ্যাপলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন এক্স, স্পেসএক্স ও টেসলার মালিক এবং এক্সএআই প্রতিষ্ঠানের উদ্যোক্তা। তার অভিযোগ—অ্যাপল তাদের অ্যাপ স্টোরে এআই অ্যাপগুলোর র‍্যাংকিংয়ে ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক আচরণ করছে।

মাস্কের দাবি, তার তৈরি এআই চ্যাটবট Grok–কে অ্যাপলের আইওএস অ্যাপ স্টোরের প্রস্তাবিত অ্যাপ তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যাতে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বীরা সামনে আসতে না পারে। তিনি বলেন, “এটি একধরনের প্রতিযোগিতা বিরোধী আচরণ। এখন আমাদের আর কোনো বিকল্প নেই, অ্যাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া।”

তবে তিনি এখনো এই দাবির পক্ষে সরাসরি কোনো প্রমাণ হাজির করেননি। মামলাটি দায়ের করা হয়েছে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়।

তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-এর মতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি শীর্ষে, আর গ্রোক রয়েছে ষষ্ঠ স্থানে। এমনকি চলতি বছরের জানুয়ারিতে চীনের এআই প্রতিষ্ঠান ‘ডিপসিক’ সাময়িকভাবে চ্যাটজিপিটিকে সরিয়ে প্রথম স্থানে উঠেছিল। অর্থাৎ, মাস্কের অভিযোগ যে “অন্য কোনো এআই অ্যাপের পক্ষে শীর্ষে ওঠা সম্ভব নয়”—তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাস্কের এমন অভিযোগে এক ধরনের বিরোধাভাস রয়েছে। কারণ, ২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর তিনি নিজের প্ল্যাটফর্মে অ্যালগরিদমে পরিবর্তন এনে নিজস্ব পোস্টগুলো অগ্রাধিকার দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি ২০২৪ সালের এক গবেষণায় উঠে এসেছে, এক্স প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে মাস্কের পোস্ট বেশি দেখা যায়।

এ প্রসঙ্গে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ২০২৩ সালের একটি প্রতিবেদনও শেয়ার করেছিলেন, যেখানে দাবি করা হয়—মাস্ক নিজেই তার পোস্ট ছড়িয়ে দিতে ‘বিশেষ ব্যবস্থার’ আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, মাস্ক ও ওপেনএআই-এর দ্বন্দ্ব নতুন নয়। একসময় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরে যখন ওপেনএআই একটি বাণিজ্যিক কোম্পানিতে রূপ নেয়, তখন তিনি তাদের বিরুদ্ধে মামলাও করেন এবং প্রতিষ্ঠানের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন, যা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়।

গত বছর আরও একটি আলোচনায় আসেন মাস্ক, যখন অ্যাপল ঘোষণা দেয় যে, তারা আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে ওপেনএআই’র চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করবে। তখন মাস্ক পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “যদি অ্যাপলের অপারেটিং সিস্টেমে ওপেনএআই প্রযুক্তি সংযুক্ত হয়, তবে আমার প্রতিষ্ঠানে অ্যাপল ডিভাইস নিষিদ্ধ করা হবে।”