বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
চলতি মাসেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০ সিরিজ, দাম ও নতুন কী আছে?
প্রযুক্তি প্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা এই সিরিজে গুগল এবার জোর দিয়েছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং চার্জিং প্রযুক্তিতে নতুনত্ব আনার দিকে। প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘পিক্সেলস্ন্যাপ’ ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি, যা শুধু গুগলের নিজস্ব চার্জারেই নয়, অ্যাপলের ম্যাগসেফ ডিভাইসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলহ ইভেন্টে জানান, “এই ফোন শুধু নির্দেশের অপেক্ষায় থাকবে না, বরং আপনার প্রয়োজন আগেই বুঝে আপনাকে সহযোগিতা করবে।” গুগল এ ধারণাকে বলছে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বা ব্যক্তিগত বুদ্ধিমত্তা।
গুগল জানিয়েছে, পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো চলতি আগস্টের শেষেই বাজারে আসবে। আর ফোল্ডেবল মডেলটি আসবে অক্টোবর মাসে।

নতুন পিক্সেল ফোনগুলোতে এমন কিছু এআই ফিচার যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা একধাপ এগিয়ে নেবে। উদাহরণস্বরূপ, ‘কোচ’ ফিচার ছবি তোলার সময় ব্যবহারকারীকে গাইড করবে কীভাবে ভালো ছবি তোলা যায়। আর ‘অ্যাসিস্ট্যান্ট সাজেশন’ ফিচারটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য সামনে নিয়ে আসবে— যেমন ফোন কলের সময় ই-মেইল থেকে ফ্লাইট ডিটেইলস তুলে ধরবে।
সকল মডেলেই রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৫ প্রসেসর, যা আগের চেয়ে আরও শক্তিশালী ও স্মার্ট। ডিজাইনে খুব একটা বড় পরিবর্তন না থাকলেও ক্যামেরায় এসেছে বেশ কিছু উন্নয়ন। এবার বেস মডেলেও টেলিফটো লেন্স থাকছে, যা আগে শুধুমাত্র প্রো মডেলে সীমাবদ্ধ ছিল।
এছাড়া, ভাঁজযোগ্য পিক্সেল ১০ প্রো ফোল্ড মডেলটি প্রযুক্তি বাজারে বড় চমক হিসেবেই দেখা হচ্ছে। এর দাম রাখা হয়েছে প্রায় ১,৮০০ ডলার, আর বেস মডেলের শুরু ৮০০ ডলার থেকে।

গুগলের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এডরিয়ান লোফটন জানান, পিক্সেলস্ন্যাপ চার্জিং শুধু দ্রুতগতির নয়, বরং অন্য ব্র্যান্ডের চার্জার ও কেসের সাথেও পুরোপুরি কম্প্যাটিবল। এর সঙ্গে গুগল নতুন স্টাইলিশ চার্জার, স্ট্যান্ড ও কেসও উন্মোচন করেছে।
স্মার্টফোনের পাশাপাশি গুগল উন্মোচন করেছে পিক্সেল ওয়াচ ফোর এবং নতুন রঙে আসা পিক্সেল বাডস প্রো টু-এ। তবে বাডসে বড় কোনো পরিবর্তন আসেনি। এছাড়া সাশ্রয়ী মূল্যের পিক্সেল বাডস টু-এ মডেলটি নতুন ব্যবহারকারীদের টার্গেট করে আনা হয়েছে।