বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ
প্রতি পূর্ণিমার চাঁদেরই একটি করে ঐতিহাসিক নাম রয়েছে। তেমনি ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে বলা হয় ‘কোল্ড মুন’। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আকাশে দেখা যাবে বছরের তৃতীয় ও শেষ সুপারমুন।
এটি সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে ৫ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৫টা ১৪ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো রাতই পরিষ্কারভাবে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক জানিয়েছে, চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান ‘পেরিজি’ তে পৌঁছে ঠিক সেই সময় পূর্ণিমা হলে সুপারমুন দেখা দেয়। এ সময় চাঁদ সাধারণের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
নাসার তথ্য অনুযায়ী, সুপারমুনের সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। প্রতি বছর তিন থেকে চারটি সুপারমুন দেখা গেলেও এবার টানা তিনটি—অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরেই হয়েছে।
চাঁদ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই, খালি চোখেই উপভোগ করা যাবে। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠ, গর্ত ও খাঁজ আরও পরিষ্কারভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে খোলা মাঠ, ছাদ বা যেকোনো উন্মুক্ত স্থান থেকেই দেখা যাবে এই মহাজাগতিক সৌন্দর্য।
বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, আগামী পূর্ণিমা দেখা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি। সেটির নাম হবে ‘উলফ মুন’।