বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
গুগলের পর এবার মাইক্রোসফটও ভারতে বিশাল বিনিয়োগ ঘোষণা
গুগলের পর এবার ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিলো আমেরিকার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।
বৈঠকের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, কোম্পানি ভারতে এআই পরিকাঠামো গড়ে তুলতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা এশিয়ায় এককালে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো ভারতে বাজার সম্প্রসারণের প্রতিযোগিতায় সক্রিয়। দ্রুতগতিতে ডিজিটাল অবকাঠামোর বিস্তার এবং সম্ভাব্য বাজারের কারণে দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রযুক্তি বাজার হিসেবে বিবেচিত। চলতি বছরের অক্টোবরেই গুগল ঘোষণা দিয়েছিল, তারা আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
তিন দিনের ভারত সফরে থাকা নাদেলা নীতিনির্ধারক ও শিল্প নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও বেঙ্গালুরু ও মুম্বাইয়ে অনুষ্ঠিত এআই-বিষয়ক কর্মসূচিতে অংশ নেবেন। মোদী নাদেলার সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “এআই নিয়ে বিশ্ব ভারতের ব্যাপারে আশাবাদী।”
মাইক্রোসফটের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ভারতে চলমান কার্যক্রম আরও বিস্তৃত করতে চায়। ২০২৬ সালের মধ্যভাগ থেকে দেশটিতে তাদের সবচেয়ে বড় হাইপারস্কেল ডেটা সেন্টারের কার্যক্রম শুরু হবে, যা দেশের এআই ও ক্লাউড অবকাঠামোতে নতুন মাত্রা যোগ করবে।