বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে ফেলার নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি জাপানি গবেষকদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে ফেলার নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি জাপানি গবেষকদের
ছবি: সংগৃহীত

জাপানের গবেষকরা এমন এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন, যার মাধ্যমে নির্দিষ্ট ট্রমাজনিত স্মৃতি মুছে ফেলা বা উল্লেখযোগ্যভাবে দুর্বল করা সম্ভব হতে পারে। এই পদ্ধতিতে মস্তিষ্কের সেই স্নায়বিক সার্কিটগুলোকে লক্ষ্য করা হয়, যেগুলো বেদনাদায়ক অভিজ্ঞতার স্মৃতির সঙ্গে সরাসরি যুক্ত।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিটি মস্তিষ্কের সাইনাপটিক সংযোগে পরিবর্তন এনে অনাকাঙ্ক্ষিত স্মৃতির পুনরাবৃত্তি বা মনে পড়ার ক্ষমতা কমিয়ে দিতে পারে। ফলে ভয়াবহ বা মানসিক আঘাতজনিত অভিজ্ঞতার প্রভাব ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

বিজ্ঞানীরা মনে করছেন, এই পদ্ধতি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)সহ গুরুতর মানসিক ট্রমায় আক্রান্ত লাখো মানুষের জন্য চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষ করে যুদ্ধ, দুর্ঘটনা, সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মানুষের স্মৃতি নিয়ন্ত্রণ বা পরিবর্তনের বিষয়টি নৈতিক ও সামাজিকভাবে বড় ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। তাই ব্যাপক প্রয়োগের আগে এর নিরাপত্তা, দীর্ঘমেয়াদি প্রভাব এবং নৈতিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা জরুরি।

সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন