বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

আজ বছরের সবচেয়ে ছোট দিন, দীর্ঘতম রাত পার করল পৃথিবী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ এএম

আজ বছরের সবচেয়ে ছোট দিন, দীর্ঘতম রাত পার করল পৃথিবী
ছবি: সংগৃহীত

রবিবার দিবাগত রাত ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। এরই ধারাবাহিকতায় আজ (২১ ডিসেম্বর) হচ্ছে বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন। এই দিনটিতে দিনের আলো থাকে সবচেয়ে কম, আর রাতের দৈর্ঘ্য হয় সবচেয়ে বেশি।

জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করে এবং একই সঙ্গে নিজের অক্ষের ওপর কিছুটা হেলে থাকে। এই হেলনের কারণেই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্যালোকের পরিমাণে পার্থক্য ঘটে। কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ।

প্রতি বছর ২১ জুন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। ফলে এদিন সূর্যের কিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে এবং উত্তর গোলার্ধে সূর্যালোক দীর্ঘসময় স্থায়ী হয়। এর ফলেই ওই দিনটি হয় বছরের দীর্ঘতম দিন। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এই সময় থেকে ধীরে ধীরে দিন ছোট হতে শুরু করে।

মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর গোলার্ধে সূর্যের আলো তুলনামূলক বেশি পৌঁছায়। এ কারণে এ সময়কালজুড়ে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। বিপরীতে, ডিসেম্বরের দিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে যায় এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে অপেক্ষাকৃত দূরে সরে যায়।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে। ফলে এখানে সূর্যের আলো কম সময় পড়ে, দিন দ্রুত শেষ হয় এবং রাত দীর্ঘ হয়। এই দিনটিকে বলা হয় ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। এ সময় উত্তর গোলার্ধে শীতকাল চরমে পৌঁছায়।

একই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত চিত্র দেখা যায়। সেখানে আজই বছরের দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত বিরাজ করে। অর্থাৎ একই দিনে পৃথিবীর দুই গোলার্ধে প্রকৃতি ভিন্ন রূপ ধারণ করে—উত্তরে দীর্ঘ রাত, আর দক্ষিণে দীর্ঘ দিন।