বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
ওয়াইফাই সিস্টেমে চার্জ হবে ফোন, নিউজিল্যান্ডে দুই বাংলাদেশি গবেষকের বাণিজ্যিক যাত্রা শুরু
‘ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার’ গবেষণায় উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়ে এবার বাণিজ্যিক যাত্রা শুরু করলেন দুই বাংলাদেশি গবেষক সাইদুল আলম চৌধুরী এবং ইউশা আরাফ।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক বছরের বেশি সময় ধরে ‘স্মার্ট পাওয়ার বক্স’ নামক ওয়্যারলেস চার্জিং ডিভাইস নিয়ে কাজ করছেন ড. সাইদুল আলম চৌধুরী। অন্যদিকে তরুণ গবেষক ইউশা আরাফ অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করছেন।
সম্প্রতি ওয়্যারলেস পাওয়ার এবং চার্জিং প্রযুক্তির গবেষণাকে এগিয়ে নিতে অকল্যান্ডে ‘রিজোলিংক’ নামের কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এই দুই গবেষক, যা বাংলাদেশি মালিকানাধীন প্রথম ওয়্যারলেস পাওয়ার কোম্পানি।
সহ-প্রতিষ্ঠাতা ইউশা আরাফ জানান, রিজোলিংকের মূল লক্ষ্য তারবিহীন পাওয়ার সাপ্লাই নিয়ে গবেষণা এবং শিল্প পর্যায়ের সমাধান তৈরি করা। আমরা আমাদের গবেষণাকে কাজে লাগিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সল্যুশন তৈরি করছি, যা কার্যত তাদের পণ্যের মান উন্নয়নে সরাসরি ব্যবহৃত হচ্ছে। আমাদের ফোকাস পণ্য বিক্রি নয়, বরং উন্নত আরএন্ডডি এবং প্রযুক্তির বাস্তবায়ন।
উল্লেখ্য, ড. সাইদুল আলম চৌধুরী চুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন। অন্যদিকে ইউশা আরাফ সাস্ট থেকে জেনেটিকে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিদেশে অবস্থান করলেও তাঁদের চিন্তায় সবসময় রয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে দেশে আইওটি ডিভাইস, স্মার্ট হাসপাতাল ও স্মার্ট হোম নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সাশ্রয়ী প্রযুক্তি তৈরি করে দেশে বাস্তবসম্মত অবদান রাখার প্রবল ইচ্ছা তাঁদের।