বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে ফেসবুক, পাবেন যেভাবে


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে ফেসবুক, পাবেন যেভাবে
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও পরিচয়ের ব্যবহার বাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও বিভ্রান্তির ঘটনাও বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে কোনো ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী সত্যিকারের মানুষ কি না, তা বোঝা যাবে। তবে এটি মেটার সাবস্ক্রিপশনভিত্তিক মেটা ভেরিফায়েড সেবার চেয়ে আলাদা। সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে এই সুবিধা চালু করা হচ্ছে।

বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম-

মেটার নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ওই ভিডিও অ্যাকাউন্টে থাকা ব্যবহারকারীর ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

ভেরিফায়েড ব্যাজ পাবেন যারা-

ফেসবুকে ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-

* ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
* অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
* প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
* পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।

মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখন সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া অ্যাকাউন্ট পরিচালনার প্রবণতা বাড়ছে।

নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজ ধাপে ধাপে চালু করা হবে। নির্বাচিত কয়েকটি দেশে চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও সুবিধাটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে এটি চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকিও বাড়ছে। ভুয়া পরিচয় ব্যবহার করে ভুয়া আইডির মাধ্যমে গুজব ও প্রচারণার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু করা ফেসবুকের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।