পর্যটন
কক্সবাজারে ঝাউগাছে আটকা পর্যটক, প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ
কক্সবাজার সমুদ্র সৈকতে জনপ্রিয় রোমাঞ্চকর বিনোদন ‘প্যারাসেলিং’ নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হওয়ায় সম্প্রতি এক পর্যটক ঝাউগাছে আটকা পড়ে দড়িসহ ঝুলে থাকেন। ঘটনার পর জেলা প্রশাসন জরুরি পদক্ষেপ নিয়ে সৈকতে সব প্যারাসেলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে গত শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে। স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস পরিচালিত একটি প্যারাসেলিং রাইড চলাকালীন পর্যটকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝাউগাছের ডালে আটকা পড়েন।
ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত পর্যটকটি দড়িসহ গাছের ডালে ঝুলে আছেন। নিচে থাকা পর্যটকেরা উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাচ্ছেন এবং একজন ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। পর্যবেক্ষক আল আমিন বলেন, “তিনি অনেকক্ষণ গাছে ঝুলে ছিলেন। মনে হচ্ছিলো যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিং পরিচালনাকারীরা তাকে নিরাপদে নামিয়ে আনেন। তখন তিনি অত্যন্ত আতঙ্কিত ছিলেন।”
স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, “এ ঘটনায় কেউ আহত হননি। পর্যটক নিয়ম মেনে চলেননি বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তিনি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।”
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান জানান, “পর্যটক সুস্থ আছেন। তবে এই ঘটনার পর থেকে সৈকতের সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধ করা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”