পর্যটন

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে হাওরে চলাচলকারী সব নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হাউসবোট ও পর্যটকবাহী নৌযানে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার কিংবা কোনো ধরনের পার্টি আয়োজন করা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি হাউসবোটে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, সেপ্টিক ট্যাংক, পর্যাপ্ত ডাস্টবিন, লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ধরনের বর্জ্য হাওর বা জলাশয়ে ফেলা যাবে না।

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ১০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট হাউসবোট, নৌযান বা ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।