পর্যটন
পর্যটন ছাড়া বাংলাদেশিদের সব ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত
বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা ইস্যু করছে ভারত। দেশটির অগ্রাধিকারে রয়েছে চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসা। তবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। সংখ্যাটি বাংলাদেশের জন্য অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। তবে ভিসা ঘিরে দেশে কিছু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
গত বছরের ৫ আগস্টের আগে বাংলাদেশে বছরে প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করত ভারত। তখন প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ হাজার ভিসা দেওয়া হতো। কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ায় সেই সংখ্যা অনেকটা কমে গেছে। যদিও আগে থেকেই পর্যটন ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসাই দেওয়া হতো।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, ৫ আগস্টের আগে দেশে ১৬টি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতো। কিন্তু ওই সময়ের পর ৪টি ভিসা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকায় ভিসা অফিসের সামনে বিক্ষোভের ঘটনাও নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তোলে। এর প্রেক্ষিতে বর্তমানে মাত্র ৫টি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ৫ আগস্টের পর শুধু শিক্ষার্থী ও মেডিকেল ভিসা দেওয়া হলেও এখন পর্যটন ছাড়া সব ধরনের ভিসা চালু রয়েছে। হাইকমিশনের কর্মকর্তা আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে পর্যটন ভিসাসহ পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।