ক্যাম্পাস
‘জুলাই অভ্যুত্থানের আসামিরা ডাকসুর ভোটার-প্রার্থী হতে পারবে না’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থান ও হামলা মামলার আসামিরা প্রার্থী বা ভোটার হিসেবে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
শুক্রবার (১৫ আগস্ট) ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
চিফ রিটার্নিং অফিসার বলেন, “যারা জুলাই মাসে সংঘটিত হামলা ও বিশৃঙ্খলার ঘটনায় অভিযুক্ত, তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এমনকি ভোটের আগের দিন তাদের উপস্থিতি টের পেলেও, ভোট থেকে বিরত রাখা হবে।”
তিনি জানান, এখন পর্যন্ত ৪২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৭টি জমা পড়েছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১০টি মনোনয়ন নেওয়া হয়েছে। এছাড়া হল সংসদের জন্য ২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৯ আগস্ট জমার শেষ দিন। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।