ক্যাম্পাস
১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ
সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প এবং তার পরবর্তী ধারাবাহিক আফটারশকে সৃষ্ট জরুরি পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল রবিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক সব হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিন্ডিকেট সভায় জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা এবং পরবর্তী কাঁপুনিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। বুয়েটের বিশেষজ্ঞদের মূল্যায়ন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রধান প্রকৌশলীর মতামত পর্যালোচনা করে দেখা গেছে-আবাসিক হলগুলোর বেশ কয়েকটিতে ঝুঁকি নিরূপণ ও জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে। সংস্কার কার্যক্রম শুরুর আগে নিরাপত্তার স্বার্থে হল খালি করা অত্যাবশ্যক বলে মত দেওয়া হয়।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আবাসিক হলগুলোতে জরুরি পরিদর্শন ও ঝুঁকি মূল্যায়ন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলগুলো দ্রুত খালি করতে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও কার্যালয় কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে, বিজ্ঞপ্তিতে এমনটিও জানানো হয়।
জরুরি সভায় সিন্ডিকেট সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী আবাসিক ভবনগুলোতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সতর্ক থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দিয়েছে।