ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্ল্যাকার্ড হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্ল্যাকার্ড হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে একাই দাঁড়িয়েছেন সংগঠনটির চবি শাখার সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম।

আজ রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। পরে দুপুর সাড়ে ১২টায় চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল নিজ ফেসবুক আইডিতে এ নিয়ে পোস্ট দেন। 

প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিলো- ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে; রাজনৈতিক রাজবন্দিদের মুক্তি চাই, দিতে হবে- প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।

জানা যায়, ওয়াহিদুলের বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামে। এর আগেও তিনি তার গ্রামে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। জুলাইয়ে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, সে ছবি তুলতে যতক্ষণ সময় নিয়েছে ততক্ষণই দাঁড়িয়েছে। এটা কারো নজরে আসার আগেই পালিয়ে গেছে। আমরা এখন তাকে শনাক্ত করার চেষ্টা করছি। সে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ নিয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, এই ছেলেটা ঈদের দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছে। বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক আমরা ছাত্রদলের কিছু নেতাকর্মী গিয়ে তাদের প্রতিহত করি। এখন একই ছেলে আজকে ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে। সে জোবরা গ্রামেই থাকে।

তিনি আরও বলেন, এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগ এমন কিছু কর্মসূচি করেছে; কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমি মনে করি, প্রশাসনের দুর্বলতার সুযোগে তারা এমনটা করে যাচ্ছে।