রাজধানী

রাজধানীরে গণপরিবহনে ৪৯ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:৪৪ এএম

রাজধানীরে গণপরিবহনে ৪৯ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা। তারা মহানগরীতে কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৬০ পয়সা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন, যা প্রায় ৪৮ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধিকে নির্দেশ করে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ২২ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি গত ২১ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে এই প্রস্তাব দেয়। যদিও লিখিতভাবে নির্দিষ্ট হারে ভাড়া বৃদ্ধির সংখ্যা উল্লেখ করা হয়নি, বরং “যৌক্তিক হারে” বৃদ্ধির কথা বলা হয়। তবে মৌখিকভাবে তারা মহানগরে প্রতি কিলোমিটারে ১ টাকা ১৮ পয়সা এবং দূরপাল্লায় ৫০ পয়সা বৃদ্ধির প্রস্তাব জানিয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জানিয়েছেন, প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে, তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পরিবহন মালিক সমিতির এক নেতা জানান, মহানগর ও দূরপাল্লার ভাড়ার পার্থক্য থাকা উচিত। আগের নেতৃত্বে দূরপাল্লার বাস মালিকদের আধিপত্য থাকায় সেখানে সুবিধা বেশি ছিল। এখন মালিক সমিতি চায় ঢাকাসহ সব মহানগরে ৩ টাকা ৬০ পয়সা এবং দূরপাল্লায় ৩ টাকা করে ভাড়া নির্ধারণ করতে।

এ বিষয়ে মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বলেন, শুধুমাত্র জ্বালানির দাম নয়, গত আড়াই বছরে বাসের খরচ বেড়েছে বহু গুণ। শ্রমিকের মজুরি, যানজটের কারণে জ্বালানি ব্যয়, যন্ত্রাংশের দাম বৃদ্ধি—সবকিছু বিবেচনায় নিয়ে বাসভাড়া যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ না করলে পরিবহন খাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।