রাজধানী
রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভাটারা থানার ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ওই ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা মো. রাব্বি, মো. লিটন ও ফরিদুল ইসলাম। তারা সবাই ভবনটির নির্মাণশ্রমিক এবং কাজের সুবাদে সেখানেই থাকতেন। আহত শাহিনুর রহমানকেও একই এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সকালে চারজন শ্রমিক ট্যাংকের ভেতরে নেমে ছাদের নিচের কাঠ ও বাঁশের খুঁটি খুলছিলেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত এবং একজনকে অচেতন অবস্থায় পান।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পানির ট্যাংকের ভেতরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকরা দুর্ঘটনার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।