কর্পোরেট
‘স্বপ্ন’ সুপারশপে সাইবার হামলা, তথ্য ফাঁসের হুমকি দিয়ে ১৫ লাখ ডলার দাবি হ্যাকারদের
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর গ্রাহক ডেটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।
প্রায় তিন মাস আগে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত ডিসেম্বরে হ্যাকাররা কোম্পানির ডেটাবেজের নিয়ন্ত্রণ নেয়। পরে ডেটাবেজে পুনরায় প্রবেশাধিকার দেওয়ার জন্য তারা এই অর্থ দাবি করে। তবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি কোনো অনৈতিক লেনদেনে রাজি হয়নি।
বর্তমানে দেশের ৬৩ জেলায় ৮১২টি আউটলেট পরিচালনা করছে স্বপ্ন এবং তাদের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার বিস্তারিত তথ্য রয়েছে। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে এসিআই লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন জানিয়েছে, তারা দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে কাজ করছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
একজন গ্রাহক অভিযোগ করে বলেন, অনলাইনে ফাঁস হওয়া ডেটাবেজে সহজেই ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।
তবে কেন এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি- এ প্রশ্নে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তারা সম্প্রতি শনাক্ত করতে পেরেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সাইবার হামলা শুধু প্রতিষ্ঠান নয়, গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যও বড় হুমকি। তাই দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনা এবং গ্রাহকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।