কর্পোরেট
অনন্ত রিয়েল এস্টেটে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিলেন প্রকৌশলী এফ আর খান
দেশের আবাসন ও পুরকৌশল খাতের অন্যতম অভিজ্ঞ ব্যক্তিত্ব প্রকৌশলী এফ আর খান (ফয়জুর রহমান খান) অনন্ত আবাসন প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
অনন্ত আবাসন প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। বছরে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি লেনদেন এবং ৩৫ হাজারেরও বেশি কর্মী নিয়ে পরিচালিত এ শিল্পগোষ্ঠী আবাসন খাতে উন্নত মানের বসবাসের পরিবেশ গড়ে তুলতে ‘অনন্ত টেরাসেস’ নামে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে।
৪৫ বিঘার বেশি জমির ওপর নির্মাণাধীন এ প্রকল্পটিকে দেশের প্রথম ‘লিড প্ল্যাটিনাম’ মানসম্পন্ন বিলাসবহুল আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের মোট এলাকার ৬৪ শতাংশ উন্মুক্ত স্থান হিসেবে রাখা হবে। আধুনিক স্থাপত্য, উন্নত নির্মাণমান, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং মানসম্মত জীবনযাত্রার সমন্বয়ে প্রকল্পটি আন্তর্জাতিক মানের আবাসন গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা হিসেবে প্রকৌশলী এফ আর খান প্রতিষ্ঠানের নেতৃত্বকে কৌশলগত দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রকল্প বাস্তবায়ন, কার্যক্রমের উৎকর্ষতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করতে প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
চার দশকেরও বেশি সময় ধরে আবাসন খাতে নেতৃত্ব দিয়ে আসছেন প্রকৌশলী এফ আর খান। প্রকৌশল, নির্মাণ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, প্রকল্প উন্নয়ন এবং আবাসন কার্যক্রম পরিচালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের পেশাজীবী তৈরিতে এবং দেশের আবাসন খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁর দূরদর্শী পরিকল্পনা, কারিগরি দক্ষতা এবং মানসম্পন্ন কাজের প্রতি অঙ্গীকার তাকে এ খাতে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।