জাতীয়
বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান
বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশের সক্ষমতা বাড়াতে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র ও যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে আলোচনা করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা এবং এ উদ্যোগ বাস্তবায়নে জাপানের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য সাসাকাওয়া এবং তাঁর সংশ্লিষ্ট উদ্যোগগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা, এ ক্ষেত্রে সহযোগিতার সুযোগ এবং জনস্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে। দেশে ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে সংক্রামক রোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে কী ধরনের সহযোগিতা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে অংশ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নৈশভোজে উপস্থিত ছিলেন।
জাপানের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের উপস্থিতিতে বাংলাদেশে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। ওই সফর ও বৈঠকের ধারাবাহিকতায় এবার জাপানে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।