সারাদেশ
হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ছাত্রদল নেতা সাহেদ অব্যাহতি
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর বিকেলে দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন জয় ও সদস্যসচিব ইকরাম মাহমুদ ফাহাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্ত শহিদুল ইসলাম সাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও সক্রিয় ছিলেন।
এর আগে রোববার ২৫ অক্টোবর রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানোসহ মারধর করেন ছাত্রদল নেতা সাহেদ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি কিল, ঘুষি ও লাথি মারা হচ্ছে। এতে তিনি রক্তাক্ত হন। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা সাহেদ ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে সাহেদ ও জুয়েলের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন জুয়েল। পরে সাহেদ তার অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগে ঢুকে পড়লে সাহেদও সেখানে প্রবেশ করেন। এরপর জরুরি বিভাগের ভেতরে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি বলেন, ‘সাহেদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সঙ্গে এখন ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।’