সারাদেশ
যুবদল কর্মী হত্যা মামলা, বিএনপি নেতা কাঞ্চন মোল্লা আজীবন বহিষ্কার
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ছয় নম্বর আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মো. কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ছয় নম্বর এজাহারভুক্ত আসামি।
তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।