সারাদেশ

‘ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’, ফেসবুক লাইভের পর আটক নারী উদ্যোক্তা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

‘ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’, ফেসবুক লাইভের পর আটক নারী উদ্যোক্তা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন তিনি। ওই লাইভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন সাথী আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর স্বত্বাধিকারী।

এর আগে রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনার কথা তুলে ধরেন সাথী আক্তার। এ সময় তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকান থেকে বিদ্যুতের তার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার চুরি হয়েছে। এ ছাড়া তার বাসা থেকেও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে জানান ওই নারী উদ্যোক্তা।

লাইভে নিজের ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ জানান সাথী আক্তার। তিনি বলেন, সব হারিয়ে তার এখন পাগলপ্রায় অবস্থা। আক্ষেপ করে তিনি বলেন, ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম!’ এ সময় ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন।

সাথী আক্তারের ওই ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। এর জেরে রোববার রাতে কয়েকজন ব্যক্তি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত তার পার্লারে গিয়ে লাইভে দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় পার্লার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে পার্লারে হামলা ও ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই নারীকে থানায় নিয়ে আসা হয়। ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের জেরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতার অধিকার রয়েছে। তবে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।