সারাদেশ
চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা শহরে অবৈধভাবে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সদর হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।
অভিযান চলাকালে সদর হাসপাতাল রোডে মো. আবিল শরীফের মালিকানাধীন ঢাকা বিরিয়ানি হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার মজুত রাখার অনিয়ম পাওয়া যায়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানের সময় লন্ড্রিগুলোকে যথাযথভাবে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
পাশাপাশি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।