কর্পোরেট
সোলার বাংলাদেশ এক্সপো ২০২৬-এ নজর কাড়ছে সাকুরা গ্রিন এনার্জি
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ‘২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ সাশ্রয়ী ও উদ্ভাবনী নবায়নযোগ্য জ্বালানিপণ্য নিয়ে দর্শনার্থীদের নজর কাড়ছে সাকুরা গ্রিন এনার্জি। প্রদর্শনীর হল-১-এর ৭ নম্বর স্টলে প্রতিষ্ঠানটির পণ্যগুলো ব্যাপক সাড়া ফেলেছে।
মেলায় তাদের প্রধান আকর্ষণ সোলার প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও ইএসএস (এনার্জি স্টোরেজ সিস্টেম)। এসব পণ্য শহর, গ্রাম, দুর্গম চর ও পাহাড়ি এলাকার বিদ্যুৎবিহীন মানুষের জীবনকে আলোকিত ও সহজ করতে ভূমিকা রাখবে।
এ ছাড়া রয়েছে ‘সাকুরা আলো কিট’ (SPS-500)। ৫০০ ওয়াটের সোলার প্যানেলসমৃদ্ধ এই প্যাকেজে লাইট, ফ্যান, মোবাইল চার্জিং ও টিভি চালানোর সুবিধা রয়েছে।
পাশাপাশি পোর্টেবল ‘সাকুরা পাওয়ার বক্স’ ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করছে। বাণিজ্যিক খাতের জন্য লিথিয়াম ব্যাটারি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘বিকোডি’র প্রযুক্তিতে তৈরি হাইব্রিড ইনভার্টারও প্রদর্শন করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি মুসা কালিমুল্লাহ কিসলু জানান, “বিশ্বমানের সাকুরা পণ্য সাশ্রয়ী মূল্যে দেশের প্রতিটি ঘরে ও প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কারণ, গ্রিন এনার্জি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। তাই ভবিষ্যতের জ্বালানিচ্যালেঞ্জ মোকাবিলায় গ্রিন এনার্জিনির্ভর শক্তির কোনো বিকল্প নেই।”
সাকুরা গ্রিন এনার্জির চীন প্রতিনিধি অ্যামি লউ জানান, “বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও অনেক মানুষ ব্র্যান্ডের পণ্য না কেনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, তাঁরা বিক্রয়-পরবর্তী সেবা ও পণ্যের ওয়ারেন্টি পাচ্ছেন না। সেই জায়গায় সাকুরা গ্রিন এনার্জি কাজ করে যাবে।”
সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত এই প্রদর্শনী আগামীকাল শনিবার, ১৪ নভেম্বর, সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।