অপরাধ
রাজধানীতে সন্ত্রাসীদের হাতে গুপ্ত অস্ত্র ‘পেন গান’
রাজধানী ঢাকায় অপরাধ জগতে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে কলমের মতো দেখতে গোপন আগ্নেয়াস্ত্র ‘পেন গান’। সাম্প্রতিক এক গুলির ঘটনায় এই অস্বাভাবিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ, যা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় গত ৪ এপ্রিল যুবদল কর্মী রাসেলের ওপর হামলায় এই অস্ত্র ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, দোকানসংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গুলি চালানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযানে নেমে শুটার সায়মনকে গ্রেফতারের পাশাপাশি সোহেল ওরফে কাল্লুকেও আটক করে পুলিশ। পরে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বহুল আলোচিত পেন গানটি।
গোয়েন্দাদের তথ্যমতে, অস্ত্রটি কয়েকটি আলাদা অংশে বিভক্ত করে রাখা হয়েছিল। সিগারেটের প্যাকেটের ভেতর লুকানো অবস্থায় থাকা টুকরোগুলো একত্র করলেই এটি কার্যকর পিস্তলে পরিণত হয়—যা সহজেই সন্দেহ এড়িয়ে বহন করা সম্ভব।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এই ধরনের অস্ত্র দেশে আগে দেখা যায়নি। সাধারণ আগ্নেয়াস্ত্রের তুলনায় এটি ভিন্ন ও অত্যন্ত গোপনীয়ভাবে ব্যবহারের উপযোগী।
তদন্তে আরও জানা গেছে, কাল্লু নামের ওই অভিযুক্ত ব্যক্তি প্রায় ৮০ হাজার টাকায় পেন গানটি সংগ্রহ করে বিভিন্ন অপরাধে ব্যবহার করছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রটির উৎস ও দেশে প্রবেশের পথ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।