অপরাধ

‘মাদকের টাকা না পেয়ে’ মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৪০ পিএম

‘মাদকের টাকা না পেয়ে’ মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত
ছবিঃ সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে।

রবিবার (১০ মে) রাত ১০টায় দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে মাকে মৃত অবস্থায় দেখে। এবং জখম বাবা-বোনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার সময় রাফি মা লাকি বেগমের নিকট নেশার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাতে ছেলে রাফি মাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। বাবা ও বোন বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত  করে। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাবা ও বোনের অবস্থা সংকটাপন্ন বিধায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতক ও মাদকাসক্ত রাফিকে আটক করে। রাফি সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারেন্টডেন্টের বাড়ির মো. মোস্তফার ছেলে। 

এদিকে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিসহ ওসি ফয়জুল আমিন নোমান ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনায় ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে আসি। সোমবার বিজ্ঞ আদালতে তাকে প্রেরণের জন্য প্রক্রিয়াধীন আছে।