অর্থনীতি

ঈদুল আজহার ছুটির মধ্যেও বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম

ঈদুল আজহার ছুটির মধ্যেও বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার চলমান ছুটির মাঝেও আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি-রপ্তানি খাতে জরুরি ও বৈদেশিক লেনদেনের প্রয়োজন মেটাতে এই দুই দিনে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় কিছু অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংক অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন পরিচালনা করা হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এছাড়া, ছুটির এই দুই দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।