অর্থনীতি
দেশে ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকা
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার। বিশ্লেষকদের ধারণা, বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বরের মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে-যা গত বছর কেবল একবার, ঈদুল ফিতরের সময় দেখা গিয়েছিল।
চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ২৩৫ কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ২৮,৬৭০ কোটি টাকা। অর্থাৎ দৈনিক গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ১,১৯৪ কোটি টাকা।
গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৮৪ কোটি ডলার, যা তুলনায় এ বছর প্রবৃদ্ধি উল্লেখযোগ্য।