অর্থনীতি

ঈদের পর আবারও বাড়ল স্বর্ণের দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

ঈদের পর আবারও বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

ঈদের ছুটির পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৮২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা।

শনিবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই তথ্য জানিয়েছে। আগামীকাল রোববার (১৫ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ায় সার্বিক মূল্য বিবেচনায় স্বর্ণের দর সমন্বয় করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। মে মাসেও একাধিকবার দাম বাড়ে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা।

এর আগে গত ৬ জুন ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। অর্থাৎ ঈদের কয়েকদিনের ব্যবধানে আবারও প্রায় দুই হাজার টাকার মতো বাড়ল স্বর্ণের দাম।

তবে রুপার বাজারে এখনো কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ভরি প্রতি ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।